
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছে লং থান আন্তর্জাতিক বিমানবন্দর। ডং নাই শহরের পাঁচ হাজার হেক্টর জমির ওপর নির্মিত এই বিশাল কর্মযজ্ঞের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। ১৬ বিলিয়ন মার্কিন ডলারের এই মেগা প্রকল্পের প্রথম ধাপেই ব্যয় করা হয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারেরও বেশি। ২০২৬ সালের ডিসেম্বরে বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্য নিয়ে অবকাঠামো নির্মাণ, জনবল নিয়োগ ও প্রয়োজনীয় প্রযুক্তি স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশনের তথ্যানুযায়ী, ১৬টি প্রধান নির্মাণ প্যাকেজের মধ্যে চারটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে ও উড়োজাহাজ পার্কিং এলাকার কাজ প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ শেষ হয়েছে, আর জ্বালানি সরবরাহ ব্যবস্থার অগ্রগতি ৯৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে যাত্রী টার্মিনালের মূল অবকাঠামোর কাজ শেষে ব্যাগেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা স্ক্যানার এবং ফেস রিকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তির মতো জটিল সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। এ কাজ ত্বরান্বিত করতে দুই হাজারের বেশি দক্ষ কর্মী ও ১৮৬টি নির্মাণ যন্ত্র নিয়োজিত রয়েছে। এ সময় যাত্রী টার্মিনালের পশ্চিম অংশ ও কেন্দ্রীয় এলাকায় কার্যক্রম পরিচালিত হবে। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত প্রথম পর্যায়ে দৈনিক ২০ থেকে ৩০টি ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জন করা হবে। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে কার্গো টার্মিনালের একাংশ অভ্যন্তরীণ পণ্য পরিবহনের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটেও পণ্য পরিবহন চালুর সম্ভাবনা রয়েছে। এরপর দ্বিতীয় ধাপে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রুট সম্প্রসারণের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় বিমানবন্দরটি পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বিমানবন্দরটি বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করবে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে, যা এটিকে এশিয় অঞ্চলের অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলবে। সব মিলিয়ে লং থান বিমানবন্দর চালু হলে আন্তর্জাতিক আকাশপথে ভিয়েতনামের ব্যবসায়িক ও পর্যটন যোগাযোগে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।




