
২০২৬ সালের বুকার পুরস্কার জিতে নিলেন ৮১ বছর বয়সি ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার আলোচিত উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। বুকার পুরস্কারের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস সেরা হিসেবে বিবেচিত হলো। এই বিজয়ের মাধ্যমে হ্যারিসন বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি বিজয়ী হওয়ার নতুন রেকর্ডও গড়েছেন।
সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জমকালো অনুষ্ঠানে তাকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের চেক ও ট্রফি প্রদান করা হয়। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্তামেন্টস’ উপন্যাসের জন্য মার্গারেট অটউড যৌথভাবে এই পুরস্কার জিতে দীর্ঘদিনের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উডের মতে, হ্যারিসনই হলেন মূল ধারার সায়েন্স ফিকশন জগত থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী লেখক।
১৯৮ পৃষ্ঠার উপন্যাসটির পটভূমি নিকট-ভবিষ্যতের কেন্ট উপকূল। এতে ফিলিপ টেনেন্ট ও তার বৃদ্ধ ফুফু মার্নির টিকে থাকার লড়াই ফুটে উঠেছে, যারা রহস্যময় বিশাল শক্তির হুমকির মুখে পড়েন। বিচারকমণ্ডলীর প্রধান ও ইতিহাসবিদ মেরি বিয়ার্ড জানান, সর্বসম্মত সিদ্ধান্তে এই উপন্যাসটিকে বিজয়ী করা হয়েছে। বিয়ার্ডের ভাষ্যমতে, “এটি এমন একটি বই যা আপনাকে ওলটপালট করে দেবে এবং এই বিষয়ের হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে মনে এক ফালি আশাবাদ জাগিয়ে তুলবে।” তিনি আরও জানান, এটি ভবিষ্যতের লেন্স দিয়ে বর্তমানের রাজনীতিকে দেখার এক অনন্য প্রয়াস।
দীর্ঘ ছয় দশক ধরে লেখালেখির সাথে যুক্ত ১৯৪৫ সালে জন্ম নেওয়া এম জন হ্যারিসন এর আগে ‘ক্লাইম্বার্স’, ‘নোভা সুইং’ ও ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইস এগেইন’-এর মতো উপন্যাসের জন্য সুপরিচিত হয়েছেন। তার এ জয় স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্য প্রথম বুকার অর্জন। গত মাসে বিবিসি রেডিও ৪-এর ‘ফ্রন্ট রো’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “উপন্যাসিক এবং সমালোচক উভয় হিসেবেই ব্যবধান দূর করতে ৪০ থেকে ৫০ বছর ধরে কাজ করে চলেছেন।” তিনি সায়েন্স ফিকশন কেন সাহিত্যিক কথাসাহিত্য হিসেবে গণ্য হবে না, সেই প্রশ্নও তোলেন। এ বছর শর্টলিস্টে থাকা অন্য লেখকদের মধ্যে ছিলেন মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড এবং রেবেকা পেরি; তারা প্রত্যেকে ২ হাজার ৫০০ পাউন্ড করে প্রাইজমানি পেয়েছেন।




