
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন নীতিমালার নির্দেশনা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ মেনে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স ১লা জানুয়ারি তারিখে অবশ্যই ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে তা ৭ বছরের কম হতে হবে। মূলত ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ সালের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরাই এই শ্রেণিতে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা রাখা হয়েছে। এছাড়াও শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এবং প্রতি শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল লটারি পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সমসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি রাখতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির খালি আসনগুলোতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জানানো হয়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষায় (বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিত ২০) সময় দেওয়া হবে ১ ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষায় (বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০) শিক্ষার্থীরা ২ ঘণ্টা সময় পাবে।
আবেদন ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে এই ফরম বিতরণের জন্য কমপক্ষে ৭ কার্যদিবস সময় দিতে হবে। ফি সংক্রান্ত বিষয়ে নীতিমালার আওতায় মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা মহানগরীর বাইরের অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি ভর্তি ও সেশন ফি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এমপিও বহির্ভূত বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (যার মধ্যে ৩,০০০ টাকা পর্যন্ত উন্নয়ন ফি অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে।
ভর্তির ক্ষেত্রে সংরক্ষিত কোটার বিষয়েও নতুন নীতিমালায় সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ২ শতাংশ, এতিমখানায় বসবাসরত শিশুদের জন্য ১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, সহোদরদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।




