Eng
কুষ্টিয়া, রাজনীতি, লিড নিউজ

আমির হামজার বিচারের মিছিলে গিয়ে হাসিনার বিচার চাইলেন নারী

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এক নারীর শেখ হাসিনার বিচার চাওয়ার ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, কর্মসূচির ব্যানারে কী লেখা রয়েছে, তা জানেন না বলেও মন্তব্য করেছেন আরেক নারী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মসূচির উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যানার হাতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন একদল নারী।

কর্মসূচির ব্যানারে জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর বিচারের দাবি জানানো হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীকে তাঁদের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শেখ হাসিনার বিচারের দাবিতে এসেছেন বলে জানান। পরে ব্যানারে কী লেখা রয়েছে, জানতে চাইলে পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, ‘আমরা তো লেখাপড়া জানি না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ব্যানারে উল্লেখ করা দাবির সঙ্গে অংশগ্রহণকারীদের বক্তব্যের অমিল নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নারী নেত্রী নিলুফা ইয়াসমিন বলেন, ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারীকে শেখ হাসিনার বিচারের দাবি জানাতে শুনেছেন তিনিও। তাঁর ধারণা, ওই নারী হয়তো ভুল করে এমন কথা বলেছেন অথবা যিনি তাঁকে কর্মসূচিতে নিয়ে এসেছেন, তিনি বিষয়টি যথাযথভাবে বুঝিয়ে বলতে পারেননি।

কর্মসূচিতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নিলুফা ইয়াসমিন ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।