
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই উত্তপ্ত পরিস্থিতিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। পাল্টা আক্রমণে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ইন্টারস্টফ কারখানার সামনে সমবেত হন। এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
এসময় আন্দোলনকারীদের মধ্যে থাকা একদল উচ্ছৃঙ্খল যুবক আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজিবিসহ যৌথ বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ওই এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ও সংশ্লিষ্ট এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতরা মূলত নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা তৈরির চেষ্টা করছিল। মাটিকাটা এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়ার সময় মোশারফ হোসেন নামক একজন স্থানীয় বাসিন্দা মুশফিক (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন, যার বাড়ি নেত্রকোনা জেলায়। সংঘর্ষ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে।
শ্রমিক নেতা দেওয়ান জসীম উদ্দিন জানান, গত ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে এসে কারখানায় কাজ নিয়ে আত্মগোপন করেছিল। এখন তারা সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তিনি দাবি করেন, তাদের কাছে এ সংক্রান্ত যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারলে আন্দোলনের নামে এই বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করা হলেও একটি পক্ষ পুলিশের ওপর ইটপাটকেল ও সরকারি গাড়িতে হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল পর্যায়ক্রমে স্বাভাবিক হতে শুরু করে। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা অযৌক্তিকভাবে মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়।
কালিয়াকৈর থানার অফিসার শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, তারা প্রকৃত পোশাক শ্রমিক নন। আটককৃতদের বর্তমানে থানায় হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুনরায় কোনো ধরনের নাশকতা এড়াতে বর্তমানে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




