Eng
গোপালগঞ্জ, লিড নিউজ

গোপালগঞ্জে অস্ত্র হাতে আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুর

প্রকাশিত: , ১৫ নভেম্বর ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

গোপালগঞ্জ শহরে রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত লগি-বৈঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক শহরের লংঘাট এলাকায় জড়ো হয়ে এ মহড়া দেন। অনেকের মাথায় হেলমেট দেখা গেছে। মিছিল চলাকালে তারা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন। এপিসির ওপর দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি এর পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভেঙে ফেলা হয়। এ সময় সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

বিক্ষোভের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। দিনব্যাপী বিভিন্ন স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা শহরের প্রধান সড়কগুলোতে এই মহড়া পরিচালনা করেন।