
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এ কথা বলেন। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ এবং বিদ্যমান ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মাদক উৎপাদন, পাচার ও সরবরাহের উৎসগুলো চিহ্নিত করে তা নির্মূলে আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। সেইসাথে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের অর্থনৈতিক নেটওয়ার্ক ও কালো টাকার প্রবাহ তদন্ত করার সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম উন্নত দেশগুলোর আদলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর প্রয়োগ বাড়ানোর পরামর্শ দেন।
মাদক নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাতীয় সংসদের আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এটি কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয় বরং এটি একটি সমন্বিত জাতীয় উদ্যোগ হওয়া প্রয়োজন। মাদক অপরাধ নির্মূলে দ্রুত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। সীমান্ত এলাকা ও ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মহাপরিচালক এবং বিভিন্ন সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সভায় বিস্তারিত আলোচিত হয়।




