
এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা ভাবুন, যেখানে কোনো পরীক্ষার চাপ নেই, ভালো নম্বর পাওয়ার প্রতিযোগিতা নেই, এমনকি ফেল করার ভয়ও নেই। সেখানে কেবল নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, সহপাঠীদের সঙ্গে সময় কাটানো যায় এবং সৃজনশীল নানা কাজে যুক্ত হওয়া যায়। যদিও এসব পড়াশোনার বিনিময়ে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি পাওয়া যায় না, তবুও ডেনমার্কে এমন শিক্ষাব্যবস্থা অত্যন্ত জনপ্রিয়। এই প্রতিষ্ঠানগুলো ডেনিশ ভাষায় ‘হায়েস্কুলে’ বা ‘ফোক হাই স্কুল’ নামে পরিচিত।
ডেনমার্কে বর্তমানে এমন প্রায় ৭০টি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২৫০টিরও বেশি বিষয়ে শেখার সুযোগ থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে তোলা এই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল পেশাগত দক্ষতা উন্নয়ন নয়, বরং শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ খুঁজে বের করা, নতুন কিছু শেখা এবং অন্যদের সঙ্গে মিলেমিশে চলার মতো জীবনমুখী অভিজ্ঞতা অর্জন করা।
ফোক হাই স্কুলে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না। এখানে প্রচলিত স্কুল-কলেজের মতো কোনো নির্ধারিত পাঠ্যক্রম কিংবা চূড়ান্ত পরীক্ষা নেই। প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিক্ষাদর্শ অনুযায়ী বিষয় ও পাঠদান পদ্ধতি সাজায়। শিক্ষার্থীরা চাইলে সংগীত, সাহিত্য, দর্শন, খেলাধুলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, রাজনীতি, পরিবেশবিজ্ঞান, প্রযুক্তি, কৃষি কিংবা থিয়েটার ও নৃত্যের মতো বিষয় বেছে নিতে পারেন। অনেক সময় একাধিক বিষয়েও অংশগ্রহণের সুযোগ থাকে।
এই শিক্ষাধারার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। এর নেপথ্যে রয়েছেন ডেনমার্কের প্রখ্যাত দার্শনিক, লেখক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগ। তিনি মনে করতেন, শিক্ষা শুধু নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য হওয়া উচিত নয়, বরং সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার অধিকার রয়েছে। গ্রন্ডটিগের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল চাকরিজীবী তৈরি করা নয়, বরং একজন সচেতন নাগরিক গড়ে তোলা।
১৮৩০-এর দশকে গ্রন্ডটিগ প্রথম ফোক হাইস্কুলের ধারণা সামনে নিয়ে আসেন। তাঁর এই দূরদর্শী চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ডেনিশ ফোক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এর পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোর। পরবর্তীতে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা এই ধারাকে আরও জনপ্রিয় করে তোলে। ১৮৬৪ সালে যুদ্ধের সময় ডেনমার্কের পরাজয়ের পর ফোক হাইস্কুল আন্দোলন দেশজুড়ে বিস্তৃত হয় এবং এটি জাতীয় পরিচয় ও সামাজিক সচেতনতা তৈরির কেন্দ্রে পরিণত হয়।
এই স্কুলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর আবাসিক জীবন। শিক্ষার্থীরা একই ছাদের নিচে বসবাস করেন এবং একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে পড়াশোনা ও অবসর যাপনের প্রতিটি কাজ করেন। অনেক প্রতিষ্ঠানে দিনের সূচনা হয় সম্মিলিত গানের মধ্য দিয়ে। এছাড়া রান্না কিংবা পরিচ্ছন্নতার মতো দৈনন্দিন কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মধ্যে সহযোগিতা ও সহনশীলতার চর্চা নিশ্চিত করে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক প্রথাগত পাঠদান ও গ্রহণের বাইরেও অনেক বেশি আন্তরিক হয়।
কোর্সের মেয়াদ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়ে থাকে। স্বল্পমেয়াদি কোর্স কয়েক দিন থেকে শুরু হলেও দীর্ঘমেয়াদি কোর্সগুলো কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। চার সপ্তাহের বেশি মেয়াদের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীদের অংশগ্রহণের সনদ দেওয়া হয়, তবে তা কোনো স্বীকৃত ‘একাডেমিক ডিগ্রি’ নয়।
সাধারণত সাড়ে ১৭ বছর বয়সীরা এখানে ভর্তির সুযোগ পান এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে দীর্ঘমেয়াদি কোর্সে সাধারণত ২০ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। অনেকেই উচ্চশিক্ষায় প্রবেশের আগে কিংবা পড়াশোনার মাঝপথে বিরতি নিয়ে এখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে আসেন। এছাড়া স্বল্পমেয়াদি কোর্সগুলোতে প্রবীণদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।
ফোক হাই স্কুলের কোর্স বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রির সমতুল্য না হওয়ায় সরাসরি উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতা দেয় না। তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে অনেক সময় শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্ব পায়। সেক্ষেত্রে ফোক হাই স্কুলে কাটানো সময় শিক্ষার্থীদের কাজে লাগতে পারে। তবে এটি পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি নীতির ওপর।
পরিশেষে বলা যায়, পরীক্ষা বা মার্কশিটের বাইরেও জ্ঞান অর্জনের নিজস্ব সার্থকতা আছে। নতুন মানুষের সঙ্গে পরিচয়, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা এবং নিজের অজানা সামর্থ্য আবিষ্কারের যে সুযোগ এখানে পাওয়া যায়, তা আধুনিক পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।




