Eng
নাটোর, লিড নিউজ

নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাবেক এমপিসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: , ১৫ নভেম্বর ২০২৬ | ৫:১৬ অপরাহ্ণ

নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে লালপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা আসামিদের বাইরেও অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লিখিত আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন তৈরি, সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

এদিকে, মামলার পর ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মিজু (৩০), সাবেক সহসভাপতি মো. নাদিম আলম (৩৪), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সম্রাট ইসলাম (৩৭) এবং গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কেতাব আলীম মন্ডল (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টায় বিরোপাড়া থেকে আরিফুল ইসলাম মিজুকে এবং রাত ৭টায় ওয়ালিয়া বাজার থেকে সম্রাট ইসলামকে আটক করা হয়। এছাড়া রোববার রাত সোয়া ১টার দিকে মধুবাড়ী থেকে নাদিম আলমকে এবং রাত দেড়টার দিকে বৈদ্যনাথপুর থেকে কেতাব আলীম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার চারজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।