Eng
চট্টগ্রাম, লিড নিউজ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম বন্দরে পাঁচ শতাধিক শ্রমিকের কর্মবিরতি

প্রকাশিত: , ১৭ নভেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)-সহ বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই আন্দোলনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এর ফলে বন্দরের সাতটি বার্থে পণ্য ওঠানামার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, যেখানে বর্তমানে সাতটি জাহাজ অবস্থান করছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ তাদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধে গড়িমসি করছে। বারবার সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শ্রমিকরা তাদের দীর্ঘদিনের জমে থাকা পাওনা আদায়ের লক্ষে বাধ্য হয়েই এমন কঠোর কর্মসূচিতে নেমেছেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।

শ্রমিকদের দাবিগুলোর তালিকায় রয়েছে বকেয়া বেতন, গ্র্যাচুইটি, দুই ঈদের বোনাস, করোনাকালীন বিশেষ বোনাস এবং সরকারি ছুটির দিনে অতিরিক্ত কাজের পারিশ্রমিক। পাওনা সংক্রান্ত জটিলতা নিরসনে বন্দর কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিলেও শ্রমিকরা অনড় অবস্থানে রয়েছেন। শ্রমিক সোহেল জানান, বন্দর চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে এসে সরাসরি প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা আলোচনা বা কাজে ফিরবেন না। জানা যায়, বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন বকেয়া পরিশোধের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। সেই বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা।