
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘ ২২ বছর পর কোনো প্রধানমন্ত্রীর সফর হওয়ায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রধান সড়ক ও ফুটপাতগুলো সাজিয়ে তোলা হচ্ছে নতুনের সাজে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী মোট তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন, মহেন্দ্রনগরে মডেল খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ নামক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়। এছাড়া কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মাঠটিতে এখন বিশাল মঞ্চ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সফর সফল করতে জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তৎপর রয়েছে। গত ১৫ নভেম্বর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শহরে ১৪ কিলোমিটার দীর্ঘ এক বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা এবং প্রস্তুতিমূলক সভা অব্যাহত রয়েছে। স্থানীয়রা প্রধানমন্ত্রীর এই সফরকে কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত অঞ্চলটির ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন।
স্থানীয়দের প্রত্যাশার তালিকায় রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদী ভাঙন রোধ, বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু এবং শিল্পকারখানার বিকাশ। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ চান তারা। লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন পুরো অঞ্চলের মানুষের জন্য আনন্দের। বিশেষ করে তিস্তা প্রকল্প ও বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধানমন্ত্রী বিশেষ নজর দেবেন বলে তারা আশাবাদী।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। জনসভার স্থান এবং পরিদর্শনস্থলসহ আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক আন্দোলন সফল করার পরিকল্পনা রয়েছে, যার সুফল ভবিষ্যতে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।




