Eng
অপরাধ, লিড নিউজ

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত: , ১৭ নভেম্বর ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর আবারো পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল পরিমাণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

সকাল থেকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে ফেললে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, ওই এলাকাটির অন্য কারখানাগুলোতে শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছেন। কেবল স্টারলিং গ্রুপের শ্রমিকদের মধ্যেই অস্থিরতা দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও পরবর্তীতে কাজ না করেই বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও পরবর্তীতে কিছু কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বর্তমানে পুরো শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।