Eng
অর্থনীতি, জাতীয়, মৌলভীবাজার, লিড নিউজ, সিলেট

নিলামে চার কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার

প্রকাশিত: , ৮ অক্টোবর ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুরের দাম উঠেছে ১৫ হাজার টাকা। মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই নিলামে প্রবাসীসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে নিলামটি অনুষ্ঠিত হয়। মাহফিলের বয়ান শেষে মাদরাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন ফল নিলামে তোলা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমীর বক্তব্য শেষ হওয়ার পর নিলাম শুরু হয়। চারটি কমলার প্রাথমিক দর নির্ধারণ করা হয় ৫ হাজার টাকা। পরে একাধিক অংশগ্রহণকারীর দরদামে দাম ধীরে ধীরে বাড়তে থাকে।
একপর্যায়ে চারটি কমলার সর্বোচ্চ দর ওঠে ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন সর্বোচ্চ দর দিয়ে কমলাগুলো কিনে নেন। নিলামের পুরো আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় বলেও জানা গেছে।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান জানান, তার বাবা মূলত মাদরাসার উন্নয়ন কাজে সহযোগিতা করার উদ্দেশ্যেই বেশি দামে কমলা কিনেছেন। শুধু নিলামে অংশ নেওয়াই নয়, প্রতিষ্ঠানটির জন্য নিয়মিত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রতি বছর ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন আব্দুল মালিক রুকন।
নিলামে এরপর আধা কেজি খেজুর তোলা হয়। সেটিও প্রত্যাশার তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে। আধা কেজি খেজুরের সর্বোচ্চ দর ওঠে ১৫ হাজার টাকা।
মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাধারণ মানুষের সহযোগিতার ওপর নির্ভর করেই মাদরাসাটির কার্যক্রম পরিচালিত হয়।
মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে ঘিরে প্রতিষ্ঠানটির উন্নয়ন তহবিল সংগ্রহে এ ধরনের নিলামের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন ফল বা অন্যান্য সামগ্রী নিলামে তোলা হয় এবং শুভাকাঙ্ক্ষীরা মূলত দানের উদ্দেশ্যেই সেগুলো তুলনামূলক বেশি দামে কিনে নেন।
এবারের নিলামে চারটি কমলার দাম ৫০ হাজার টাকা এবং আধা কেজি খেজুরের দাম ১৫ হাজার টাকা হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনায় এসেছে। তবে এসব নিলামে পণ্য কেনার পাশাপাশি মূল উদ্দেশ্য থাকে মাদরাসার উন্নয়ন তহবিলে অর্থ সহায়তা করা—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।