
মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় রাস্তার পাশ থেকে আউয়াল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক রাত ২টার দিকে উপজেলার হলদে গাছি মোড়সংলগ্ন রাস্তার পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেলও পাওয়া যায়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
নিহত আউয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের পাশে পাওয়া মোটরসাইকেলটি তাঁর নিজের।
পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় তিনি নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেন বলে জানা গেছে।
আউয়ালের স্ত্রী জানান, মাঝেমধ্যে তিনি রাতে বাড়ি ফিরতেন না। তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরতেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, আউয়ালকে গ্রামে খুব কম দেখা যেত। তিনি বেশির ভাগ সময় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।
জানা গেছে, আউয়াল একসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে তিনি বেকার অবস্থায় বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা পরে জানানো হবে।



