Eng
জাতীয়, ময়মনসিংহ, লিড নিউজ, শেরপুর

শেরপুরে জায়গার অভাবে বসতঘরেই বৃদ্ধকে দাফন করল পরিবার

প্রকাশিত: , ২৭ অক্টোবর ২০২৬ | ৪:১০ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দাফনের জন্য আলাদা জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে দাফন করেছে তার পরিবার। দীর্ঘদিন পক্ষাঘাতে ভোগার পর তার মৃত্যু হলে শেষ পর্যন্ত থাকার ঘরেই কবর দিতে হয় তাকে। এতে শোকের পাশাপাশি আবাসন সংকটেও পড়েছে পরিবারটি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামে এ দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে করিম মিয়ার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন করিম মিয়া। তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারকে আর্থিক সংকটের মুখে পড়তে হয়। করিম মিয়ার বড় মেয়ে কোতুলী বেগম জানান, বাবার চিকিৎসার খরচ জোগাতে তার ফুফু তাদের কাছ থেকে বাবার থাকার ঘরসহ তিন শতাংশ জমি কিনেছিলেন। পরবর্তীতে দাফনের জন্য অন্য কোনো জায়গা না থাকায় বসতঘরের ভেতরেই বাবাকে কবর দিতে হয়েছে।
কোতুলী বেগমের ভাষ্য, তিনি ও তার এক ভাই ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। আরেক বোন স্বামীর বাড়িতে থাকেন। পরিবারের সদস্যদের নিজস্ব জমি না থাকায় বাবাকে দাফন করার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া যায়নি। এলাকায় সরকারি কবরস্থান থাকলে সেখানে দাফনের সুযোগ হতো বলেও জানান তিনি।

ঘটনাটি স্থানীয় পর্যায়ে দরিদ্র মানুষের দাফনের জায়গা, ভূমিসংকট এবং নিরাপদ আবাসনের বিষয়গুলো নতুন করে সামনে এনেছে। তবে এলাকায় সরকারি কবরস্থান স্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।