
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক প্রজ্ঞাপনে এই নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই কমিটির সিদ্ধান্ত ও কার্যক্রম কার্যকর হিসেবে গণ্য হবে।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান, যিনি জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী এবং একজন অভিজ্ঞ বিচারক ও সংগঠক। এছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী রয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে।
নতুন এই অ্যাডহক কমিটিতে সহসভাপতি পদে মনোনীত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী। এছাড়াও অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশসহ মোট ১৮ জন সদস্য কমিটিতে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। আইনের ১৪(৩) ধারা অনুসরণে গঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের জন্য ক্রীড়া পরিষদ কঠোর নির্দেশনা দিয়েছে। পূর্বের কমিটির বিরুদ্ধে সময়মতো নির্বাচন আয়োজন ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ থাকায় এই সাংগঠনিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।




