Eng
জাতীয়, লিড নিউজ

নওগাঁ-৩ আসনের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপি নেতার

প্রকাশিত: , ৪ নভেম্বর ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ



নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি এই অভিযোগগুলো উত্থাপন করেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে রবিউল আলম বুলেট দাবি করেছেন, সংসদ সদস্যের বিরুদ্ধে খাদ্যগুদাম ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। তিনি এই তথ্যগুলো দলের চেয়ারপারসন তারেক রহমানের কাছে পাঠানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন।

বুলেট আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তারা নিয়মতান্ত্রিকভাবে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছেন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বিবেচনায় রেখে তিনি এতদিন নীরব ছিলেন বলে জানান। এছাড়া, প্রতিটি ইউনিয়ন থেকে সংসদ সদস্যের চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, কার কাছে কত টাকা চাওয়া হয়েছে, তার প্রমাণ অচিরেই জনগণের সামনে তুলে ধরা হবে।

সাবেক সংসদ সদস্য সেলিমের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বুলেট অভিযোগ করেন, গত আট-নয় মাসে বর্তমান এমপি আগের পাঁচ বছরের তুলনায় অনেক বেশি দুর্নীতি করেছেন। বিশেষ করে একটি খাদ্যগুদাম থেকে সংসদ সদস্য তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে তার দাবি। কোনো কাজ না করেই কীভাবে বিল তোলা হয়েছে, তার হিসাবও সামনে আনার কথা বলেছেন তিনি।

মহাদেবপুরে বিএনপির নামে নতুন সাইনবোর্ড লাগিয়ে কার্যালয় খোলার তীব্র সমালোচনা করে বুলেট আগামী ৭ নভেম্বরের কর্মসূচি শেষে তা খুলে ফেলার দাবি জানান। এছাড়া, টেলিভিশন টকশোতে জেলা প্রশাসকের বিরুদ্ধে সংসদ সদস্যের তিন কোটি টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি দাবি করেন, এর আগেও এক প্রতিনিধিকে গ্রেপ্তার থেকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পা ধরে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকারের পতনের উদাহরণ টেনে তিনি মন্তব্য করেন, প্রশাসনিক ক্ষমতার চেয়ে জনগণের শক্তি অনেক বড়।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি নেতা রবিউল আলম বুলেট সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এ বিষয়ে যথাসময়ে বিস্তারিত কথা বলবেন। অন্যদিকে, সংসদ সদস্য ফজলে হুদা বাবুল অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বলেন, রাজনীতি করলে মানুষ অনেক কথাই বলে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের ক্ষেত্রে স্বাধীন এবং বিএনপি সবকিছু উন্মুক্ত রেখেছে। তার ভাষ্যমতে, অডিও বা বক্তব্য থাকলে প্রমাণসহ জাতির সামনে আসা উচিত। রাজনীতিতে নতুন নন জানিয়ে তিনি বলেন, অভিযোগকারী চাইলে স্বাধীনভাবে খোঁজ নিয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, এতে তার কোনো আপত্তি নেই।