Eng
খেলাধুলা, লিড নিউজ

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ

প্রকাশিত: , ৪ নভেম্বর ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ



অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ১৬তম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার শতাধিক উইকেট শিকারি এই বোলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই তিনি সরাসরি যোগ দেবেন মেলবোর্ন রেনেগেডসের শিবিরে।

মুস্তাফিজের এই আগমনকে ঘিরে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস কর্তৃপক্ষ। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আয়োজিত ম্যাচগুলোতে থাকছে ‘দ্য ফিজ বে’ নামক বিশেষ আয়োজন। রেনেগেডসের লক্ষ্য হলো লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করা।

এই উপলক্ষে দর্শকদের জন্য থাকছে বিশেষ ছাড়। উল্লিখিত দুই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। প্রথমবার এই লিগে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত মুস্তাফিজ। তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এমসিজিতে খেলার অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন এবং নতুন সতীর্থদের সঙ্গে মিলে দলের জয়ে অবদান রাখাই তার মূল লক্ষ্য।

মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও এই বাঁহাতি পেসারের অন্তর্ভুক্তি নিয়ে বেশ আশাবাদী। কোচের মতে, মুস্তাফিজের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার অসাধারণ দক্ষতা দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্ব ক্রিকেটে নিজের কাটারের জাদুতে প্রতিপক্ষকে বারবার চমকে দেওয়া মুস্তাফিজ এবার বিগ ব্যাশেও একই সাফল্যের পুনরাবৃত্তি করবেন বলে আশা করছে মেলবোর্ন।