Eng
অর্থনীতি, লিড নিউজ

১২ শিল্পগ্রুপসহ ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করল এনবিআর

প্রকাশিত: , ৫ নভেম্বর ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ণ



তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরি, শ্রমিক আন্দোলনে উসকানি এবং অর্থায়নের অভিযোগে দেশের ১২টি বড় শিল্পগ্রুপ এবং সংশ্লিষ্ট পরিচালকসহ মোট ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুটি গোয়েন্দা ইউনিট এসব ব্যাংক হিসাব চিহ্নিত করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছে। এসব হিসাব থেকে কোনো অর্থ শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখাই এই অভিযানের মূল লক্ষ্য। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জব্দ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এনভয় গ্রুপের আবদুস সালাম মুর্শেদী, সেপাল গ্রুপের টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের নসরুল হামিদ ও ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম। এছাড়া বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন, অ্যাক্সিস নিটওয়্যারের জাহিদ আহমেদ টুলু এবং গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপার নাম এই তালিকায় যুক্ত রয়েছে।

তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লার নামও পাওয়া গেছে। সংস্থাটির চিঠিতে অভিযুক্তদের ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত বিবরণও চাওয়া হয়েছে।