
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার প্রস্তুতির সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ইএ৩৭৭-এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এই ঘটনার পর গঠন করা তদন্ত কমিটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বের করার ওপর জোর দিচ্ছে। এসব অনুসন্ধানে বিমানের নিজস্ব তদন্ত কমিটির পাশাপাশি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
তদন্ত কমিটি খতিয়ে দেখছে, বিমানের বহরে একাধিক সচল উড়োজাহাজ থাকা সত্ত্বেও কেন অতীতের ত্রুটির ইতিহাস থাকা এস২-এজেওয়াই নিবন্ধনের উড়োজাহাজটি ভিভিআইপি সফরের জন্য নির্বাচন করা হয়েছিল। এ ক্ষেত্রে উড়োজাহাজটির সক্ষমতা, পূর্বের ত্রুটি ও বিকল্প উড়োজাহাজ প্রস্তুত রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না তা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ এবং কোন কর্মকর্তার অনুমোদনে এটিকে উড্ডয়নযোগ্য ছাড়পত্র দেওয়া হয়েছিল, তাও যাচাই করা হচ্ছে।
এ ছাড়া জাপানের নারিতা বিমানবন্দরে দুই ঘণ্টার মধ্যে সমাধানযোগ্য ত্রুটি সারাতে কেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগল, তা অনুসন্ধানের তৃতীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো স্থানীয় প্রকৌশলীর অনুপস্থিতি, গ্রাউন্ড সার্ভিস প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কিংবা ঢাকার মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগের সমন্বয়হীনতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গেছে, প্রকৌশলী সাদেকুল ইসলাম প্রাক্-উড্ডয়ন পরিদর্শনের পর উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুমতি দিয়েছিলেন। কিন্তু রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট ও র্যাম ফ্যানের ত্রুটির সংকেত পান ক্যাপ্টেন ইমামুল। তিনি সঙ্গে সঙ্গেই উড্ডয়ন বাতিল করে বিমানটিকে পার্কিং বে-তে ফেরত নিয়ে যান।
ঘটনার পর তদন্তের স্বার্থে প্রকৌশল দল, নারিতা স্টেশনের কান্ট্রি ম্যানেজার এবং বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের কর্মকর্তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পর্যালোচনায় নেওয়া হয়েছে গত তিন থেকে ছয় মাসের লগবুক, ত্রুটি শনাক্তের প্রতিবেদন এবং উড়োজাহাজটির কারিগরি ও রক্ষণাবেক্ষণের নথি। ইতিমধ্যেই বিমানের প্রকৌশল বিভাগের পরিচালককে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত চার কার্যদিবসের মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।




