
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার কাছে সোমবার দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ অবরোধ ও হামলার ঘটনা ঘটেছে। লগি-বৈঠা হাতে একদল মানুষ সেখানে জড়ো হয়ে স্লোগান দেয় এবং সড়ক অবরোধ করে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সাথে জড়িত। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী টোলপ্লাজায় কর্মরতরা জানিয়েছেন, প্রায় আধাঘণ্টা ধরে এই তাণ্ডব চলে, যার ফলে টোলপ্লাজার স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেতুর উভয় পাশে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে লগি-বৈঠা হাতে অবরোধকারীদের সড়ক দখল এবং গাড়ি ভাঙচুরের দৃশ্য স্পষ্ট দেখা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানিয়েছেন, হামলাকারীরা একযোগে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




