
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভিডিওটি কর্ণফুলীর কৈয়গ্রাম এলাকার। এদিকে, শুধু কর্ণফুলী নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। এসব কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলার ঘটনাও সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। এ সময় তারা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং শেখ হাসিনার দেশে ফেরাসহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। পাশাপাশি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।
ভিডিওর সূত্র ধরে স্থানীয়রা জানান, এই ঝটিকা মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এবং আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ বেশ কয়েকজন অংশ নেন। তাদের বাড়ি কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায়।
এদিকে আকস্মিক এই মিছিলের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, এ বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। তবে সকাল ছয়টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




