
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীকে নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মদিবসে তিনি নিয়মিত কার্যালয়ে অনুপস্থিত থাকেন। উল্টো শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে তিনি পরিষদে হাজির হন এবং গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করে ঢাকায় ফিরে যান। এই অদ্ভুত রুটিনের কারণে জন্মনিবন্ধনসহ বিভিন্ন জরুরি নাগরিক সেবা নিতে আসা মানুষ বিপাকে পড়ছেন।
গত ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে সরেজমিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষটি খালি।
দায়িত্বরত কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, চেয়ারম্যানের নিয়মিত আসার কোনো ঠিক নেই; মূলত ছুটির দিনগুলোতেই তিনি দাপ্তরিক কাজ সারেন। ভুক্তভোগী জাকিয়া আক্তার ও সেলিনা রহমান জানান, জন্মনিবন্ধনের তথ্যের জন্য আবেদন করেও চেয়ারম্যান না থাকায় তাঁরা কাজ করাতে পারছেন না। তাদের মতো আরও অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি, চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় কর্মদিবসে পরিষদে আসেন না। এ সময় তাঁর ভাই মশিউর রহমান চৌধুরীকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন থাকলেও এর আগে কাজ সম্পন্ন করার সুযোগ নেই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত হওয়ায় অধিকাংশ সময় পরিষদে আসেন না।
পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলামুন্ন নবী খোকনও স্বীকার করেছেন যে, চেয়ারম্যান নিয়মিত দায়িত্ব পালন করছেন না। প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী জানান, তিনি প্রায় এক বছর আগে যোগদানের পর থেকেই দেখছেন চেয়ারম্যান ছুটির দিনেই কেবল পরিষদে আসেন। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি জানান, কয়েক দিন আগে পূর্বঘোষণা ছাড়াই পরিষদ পরিদর্শন করা হয়েছে এবং চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি যাচাই করা হচ্ছে।
চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটির দিনে আসার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন যে, তিনি এখন ঢাকায় রয়েছেন এবং ছুটির দিনেই পরিষদে আসবেন। তবে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করে চেয়ারম্যানের অনুপস্থিতি কেন আগে জানানো হয়নি তার জবাব চাওয়া হয়েছে। এছাড়া গত তিন মাসের মাসিক সভায় চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন সাপেক্ষে স্থানীয় সরকার বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনভোগান্তি দূর করতে প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগের চিন্তাভাবনাও করছে প্রশাসন। পাশাপাশি জনভোগান্তি নিরসনে প্রশাসক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।




