Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

অবৈধ প্ররোচনার ভিডিও প্রকাশ, গ্রিস থেকে বহিষ্কৃত এক বাংলাদেশি তরুণ

প্রকাশিত: , ১১ নভেম্বর ২০২৬ | ২:১৬ অপরাহ্ণ

গ্রিসে অবৈধভাবে বসবাসের প্ররোচনা দিয়ে ভিডিও তৈরির দায়ে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাকেসহ মোট ৫১ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার তথ্যানুযায়ী, ওই তরুণ টানা তিনবার আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, যার সবগুলোই কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।

প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে, যখন নাফপ্লিও শহরে ধারণ করা ওই তরুণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ভিডিওটিতে তিনি দাবি করেছিলেন, বৈধ নথিপত্র ছাড়াই সেখানে অঢেল কাজের সুযোগ রয়েছে এবং দশকের পর দশক অবৈধভাবে থাকলেও পুলিশ কোনো তল্লাশি চালাবে না। এই মিথ্যা প্রলোভন ও উসকানিমূলক ভিডিওটি গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, মানবপাচারকারী চক্রগুলো এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপে অবৈধ অভিবাসী আনতে উৎসাহিত হতে পারে। এনজিওর হস্তক্ষেপ ও সরকারের কঠোর নীতি।

ভিডিওটি নজরে আসার পর হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করে। গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করা হয়। ওই তরুণের আইনি সহায়তায় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। তিনটি আবেদন খারিজ হওয়ার পরেও এনজিওটির আইনজীবীরা দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার প্রচেষ্টা চালিয়েছিলেন। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের মতে, এই বহিষ্কারাদেশ তাদের কঠোর অবস্থানের প্রতিফলন। মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, আইনি শর্ত পূরণ না করা বিদেশি নাগরিকদের দেশটিতে অবস্থানের সুযোগ নেই, আর এই ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। মন্ত্রণালয় মনে করে, বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়া মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর একটি কৌশল মাত্র। তাদের লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করে অভিবাসন প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা এবং বিতাড়নের হার বাড়ানো। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের ২,২০৭ জনের চেয়ে ২০ শতাংশ বেশি। এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্রিস অবৈধ প্রবেশ ও অবস্থানের বিরুদ্ধে তাদের আইনি কাঠামো আরও শক্তিশালী করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করছে।