
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বুধবার (১১ নভেম্বর) এক সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে ১০টি নির্দিষ্ট পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে মূল্য পরিশোধের সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থের জোগান দিতে পারবেন। সাধারণ মানুষ যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। ব্যবসায়ীরা সাপ্লায়ার্স ক্রেডিট কিংবা বায়ার্স ক্রেডিটের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক পদ্ধতি ব্যবহার করে এসব পণ্য আমদানি করতে পারবেন। গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে উল্লিখিত শর্তাবলী অনুযায়ীই এই সুযোগটি সম্প্রসারণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রতি বছর রমজান মাসে যেসব পণ্যের চাহিদা তীব্র থাকে, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য নষ্ট হলে বাজারে অস্থিরতা তৈরি হয় এবং দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানিকারকদের আগেভাগে পণ্য আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকে পুরো মূল্য একসঙ্গে পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধের সুযোগ পাচ্ছেন, যা বাজারে পণ্যের সরবরাহ সচল রাখবে।
আরিফ হোসেন খান আরও বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দামের বাড়তি চাপ সাধারণ মানুষের ওপর যেন না পড়ে, সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সচেষ্ট। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ বিষয়ে গ্রাহকদের দ্রুত অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে নতুন এই সিদ্ধান্তের ফলে রমজানে খাদ্যপণ্যের ঘাটতি রোধ ও বাজারদর সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।




