
মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও আটক করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৬ হাজার ৩৫৩ পিস শাড়ি, যার বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল, যার মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট দাম ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলার সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)। এসআরবি-১০-এর সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসছিলেন। পরে কৌশলে এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




