Eng
জাতীয়, লিড নিউজ

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যপণ্যের ব্যয়ভার কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ৭৫টি ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে ট্রাকে চাল পাওয়া যাবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন এবং প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

চাল সংগ্রহের সময় শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এছাড়া সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর গ্রহণ করা হবে। কর্মসূচির সার্বিক তদারকি করবে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ মনিটরিং টিম। প্রাথমিকভাবে তিন মাস মেয়াদী এই কার্যক্রমটি পোশাক শ্রমিকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার পোশাক খাতের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গঠিত এই বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। সরকার এই মজুরি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি খাদ্য সহায়তার মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগী হয়েছে।