Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ১:১৬ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামোকে আরও শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এ খাতে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন বিশ্বের ১০০টিরও বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা আসে। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে।

এই চুক্তির প্রধান লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন ব্যবস্থার প্রসার ঘটানো। কপ-৩১ সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের আবাসস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। তিনি নিরাপদ জনপদ ও জ্বালানিসাশ্রয়ী শক্তিশালী অবকাঠামো নির্মাণের ওপর জোর দেন। এ ছাড়া টেকসই ভবন নির্মাণে বিশ্বের ছয়টি প্রকল্পকে সম্মেলনে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

শহরের বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন গতি এসেছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো ও রিসাইক্লিং কার্যক্রম শুরু হয়েছে, যা ভবিষ্যতে ১০০টি জেলায় সম্প্রসারিত করা হবে। সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর মধ্যে তুরস্ক ও চীন নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তুরস্কে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংরক্ষণ এবং বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে।

আর্থিক সহায়তার ক্ষেত্রে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দেশগুলোর নিজস্ব উদ্যোগে গঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’তে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। মিন্ডেরু ফাউন্ডেশন এই তালিকায় প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

সম্মেলনের আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এক চরম অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। তাই সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। পাশাপাশি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা জ্বালানিসাশ্রয়ী ভবন ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দেশগুলোকে তাদের অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।