
ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে একটি মসজিদ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার জনবসতিপূর্ণ এলাকায় চালানো এই উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের দাবি, স্থাপনাটি কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, ওই এলাকাটি ওয়াকফ বোর্ড ঘোষিত প্রায় ১৫০ বর্গমিটারের জায়গা। সেখানে ওয়াকফ বোর্ডের কোনো অনুমোদন ছাড়াই মসজিদটি তৈরি করা হয়। তিনি বলেন, সম্পূর্ণ অনুমোদনহীনভাবে নির্মিত এই অবৈধ স্থাপনাটি অপসারণের জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
আসমোলি সার্কেলের কর্মকর্তা আমান সিং জানিয়েছেন, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দারা রাজস্ব ও পুলিশ বিভাগের কাছে অভিযোগ করেন যে, গ্রামের জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ তোলা হচ্ছে। এরপর প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের একটি যৌথ দল এলাকাটি পরিদর্শন করে নির্মাণের কোনো বৈধতা না থাকার বিষয়টি নিশ্চিত করে। তদন্ত শেষে সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।
অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিতে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ সদস্য এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন রাখা হয়। এছাড়া ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালানোর পাশাপাশি আশপাশের ভবনের ছাদেও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করে।




