
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবি দাওয়া নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কারখানাগুলোর প্রবেশপথে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দিয়ে কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে। এছাড়া পরিস্থিতির প্রেক্ষিতে আরও ৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, উত্তপ্ত পরিস্থিতির জেরে মোট ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অতিরিক্ত ৮টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।




