
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের এক মন্ত্রীর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দেশটির তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস’ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) বুদাপোস্টসহ তিনটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা বনের মাটির নিচে পুঁতে রাখা এবং বিভিন্ন গোপন সিন্দুকে থাকা হাঙ্গেরিয়ান ফরিন্ট, ইউরো ও ডলারের বান্ডিল জব্দ করেছেন। সংস্থাটির প্রকাশিত ভিডিও ফুটেজে রাতের অন্ধকারে মাটি খুঁড়ে এসব অর্থ বের করে আনতে দেখা গেছে, যা পরে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) সরকারি অর্থ অপব্যবহারের তদন্তে সদ্য গঠিত সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস’ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) বুদাপোস্টসহ হাঙ্গেরির তিনটি ভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া এই বিপুল অংকের অর্থ গণনায় ট্রেজারি বিভাগের ১২ জন কর্মীকে টানা ৮ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবানের শাসনামলে উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মিকলোস সেস্তাকের দুর্নীতির তদন্তের অংশ হিসেবেই মূলত এই অভিযান পরিচালিত হয়। রাষ্ট্রীয় পরিবহন কোম্পানির জন্য বেশি মূল্যে পুরোনো বাস কেনা এবং সরকারি নির্মাণ প্রকল্পে প্রায় ৩ কোটি ৭২ লাখ ডলার ঘুষ ও কিকব্যাক গ্রহণের অভিযোগে গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সেস্তাক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে অরবান এর আগে অভিযোগ করেন, নতুন সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এসব তদন্তকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এপ্রিলের নির্বাচনে জয়ী হয়ে অরবানের ১৬ বছরের ক্ষমতার অবসান ঘটানো বর্তমান প্রধানমন্ত্রী পিটার মারিয়া এই অর্থ উদ্ধারকে ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ শাসনের পতনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
অরবানের ডানপন্থি দল ফিদেজের বিরুদ্ধে বর্তমান সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অরবান নিজেই। তবে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর গিওর্গি মাতোলসিসসহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে পৃথক দুর্নীতি মামলা চলছে। হাঙ্গেরির সংবাদমাধ্যম এইচভিজি’র সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, দেশটির ৭০ শতাংশ নাগরিক অরবান আমলের দুর্নীতির সঠিক তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন।




