
পোশাকশ্রমিকরা যদি কাজে যোগ না দেন, তবে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার ঢাকার উত্তরায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হন না।
মাহমুদ হাসান খান জানান, শ্রমিক বিক্ষোভের জেরে ইতিমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত ছিল। রোববার থেকে যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন চালু করা সম্ভব হবে না, সেগুলো এই ধারায় বন্ধ রাখার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা পেশ করবে। তবে অস্থিরতা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।




