
শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সিরাজগঞ্জের কাজীপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের নারীদের ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। রোদে বসে সুই ও সুতার নিপুণ টানে তারা তৈরি করছেন বাহারি নকশার টুপি। চালিতাডাঙ্গা, চর ভানুডাঙ্গা, নাইমুরি, পুরান ভেড়া ও তেলকুপি গ্রামের নারী-পুরুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও এই পেশায় যুক্ত হয়েছেন। এমন দৃশ্যের দেখা মেলে সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও উল্লাপড়া উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায়।
কাজীপুরের চর ভানুডাঙ্গার কারিগর মিতু আক্তার জানান, প্রায় ১০-১২ বছর ধরে তিনি টুপি তৈরির সঙ্গে জড়িত। এই কাজ থেকে অর্জিত আয়ে তিনি সংসারের বাজার খরচ ও সন্তানদের পড়ার খরচ মেটাচ্ছেন। একই গ্রামের আছমা খাতুন জানান, গৃহস্থালির কাজের ফাঁকে টুপির নকশা করে তিনি অভাবের সংসারে স্বচ্ছলতা এনেছেন। এমনকি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমাও পড়াশোনার পাশাপাশি এই কাজ শিখে মা-চাচিদের মতোই নিজের পড়ার খরচ নিজে বহন করছে। উল্লাপাড়ার নাইমুরি ও পুরান ভেড়া গ্রামের গৃহবধূ আয়েশা খাতুন ও শাহনাজ পারভীনের মতে, এখানে কাজ করে মাসিক ৫-৬ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে। একই গ্রামের আছমা খাতুন বলেন, ‘আমি বাড়িতে গরু ছাগল পালন করি, গৃহকর্মের কাজ শেষ করে টুপি তৈরির কাজ করি। এর থেকে যা পাই, তাতে সংসারের অনেকটাই খরচ মিটে যায়। এর থেকে যেটুকু অর্থ আসে, তাতে আমার লেখাপড়ার ব্যয় বহন হয় ও আমাদের নিজের সব প্রয়োজন মিটে যায়। যা দিয়ে ছেলে মেয়ে পড়াশোনা সহ সংসারের অন্যান্য চাহিদা পূরণ করে থাকি। টুপি তৈরি করে প্রতি জনের মাসিক আয় হয় কাজভেদে ১ হাজার থেকে ৪ হাজার টাকার বেশি।
টুপি কারখানার মালিকরা জানিয়েছেন, মূলত বগুড়ার পাইকাররা কাজীপুর ও উল্লাপাড়া থেকে এই টুপিগুলো কিনে দেশের বিভিন্ন জেলা ও মোকাম বাজারে সরবরাহ করেন। স্থানীয়ভাবে তৈরি এসব টুপির মান ভালো হওয়ায় সারা দেশেই চাহিদা রয়েছে। বর্তমানে উৎপাদিত টুপির মধ্যে চান্দাফুল ৫০-৫৫ টাকা, ঢেওফুল ৪৫-৫০ টাকা, মেহেদিপাতা ১১০-১২০ টাকা, করলার চাক ১২০-১২৫ টাকা এবং মাকরসা নকশার টুপি ৬৫-৭০ টাকায় কেনাবেচা হয়। তবে চিকন সুতার দাম ৭০-৮০ টাকা এবং মোটা সুতার দাম ৮০-৮৫ টাকা হওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
কাজীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল জানান, টুপি তৈরির কারখানায় নারী-পুরুষ নির্বিশেষে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
স্থানীয় নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এই শিল্প বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন। তিনি জানান, ব্যবসায়ীরা চাইলে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে। অন্যদিকে, কাজীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা জানান, স্থানীয় নারীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আরও লাভবান করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের এই প্রচেষ্টায় অসংখ্য অসচ্ছল নারী নতুন করে আশার আলো দেখছেন। ব্যবসা প্রসার ঘটানোর ব্যবসায়ীরা ঋণ চাইলে আমরা সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদানের ব্যবস্থা করবো।




