Eng
বিনোদন, লিড নিউজ

অনন্ত জলিলের পাশে ওমর সানী, সমালোচনা না করার আহ্বান

প্রকাশিত: , ১৬ নভেম্বর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাঠানো আইনি নোটিশ নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। তাদের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে ব্যাংকটি ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করেছে। বকেয়া ঋণ পরিশোধ করা না হলে আইনি পদক্ষেপ বা মামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা ও কটাক্ষ তৈরি হলেও বড় একটি অংশ সরকার ও সংশ্লিষ্টদের কাছে অনন্ত জলিলের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। ঋণের অর্থ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি। কেউ কেউ তাদেরকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।

এই পরিস্থিতির মধ্যেই ১৬ নভেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি জানান, অনন্ত জলিলের সঙ্গে ব্যক্তিগত জানাশোনা থেকে তিনি তাকে একজন লড়াকু ও ভালো মনের মানুষ হিসেবেই চেনেন। যে ধরনের আলোচনা বা গসিপ চলছে, তা মোটেও কাম্য নয় বলে মনে করেন ওমর সানী। তার মতে, অনন্ত জলিলের জন্য এটি সামলে নেওয়া খুব কঠিন কোনো কাজ নয় এবং তাকে অযথা ছোট করার কোনো কারণ নেই। সোমবার (১৬ নভেম্বর) ওমর সানী তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন।

ওমর সানী বলেন, “আমি অনন্ত জলিলের ওপর আত্মবিশ্বাস রাখি যে তিনি খুব সংক্ষেপে এই সমস্যার সমাধান করে ফেলবেন। তার স্ত্রী বর্ষাকে আমি ছোট বোনের মতো দেখি, তাদের প্রতি আমার শুভকামনা রইল।” একই সঙ্গে তিনি অনন্ত জলিলকে পরামর্শ দিয়ে বলেন, “এসব গসিপ না হলেই ভালো হতো, তবে যেহেতু বিষয়টি হয়েই গেছে, আশা করি আপনি বাস্তবতার নিরিখেই তা সামলে নেবেন।”

ব্যাংক ঋণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অনন্ত জলিল নিজেও। তিনি ব্যাখ্যা করেছেন যে, মূলত করোনার মহামারির সময় শ্রমিকদের কর্মসংস্থান সচল রাখতে এবং বসিয়ে বেতন-ভাতা দিতেই তাকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তীতে সেই ঋণের কিস্তি ও সুদ মিলে এখন বিশাল অঙ্কের দেনা তৈরি হয়েছে, যা নিয়ে তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।