রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মনপুরায় নিখোঁজ তিন শিশু, উদ্বেগে পরিবার

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ভোলার মনপুরা উপজেলায় প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিন শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শিশুদের মধ্যে দুজন মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অপর এক শিশু ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে বলে তার পরিবারের দাবি।
শনিবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্য শিশুটি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুদের মধ্যে মো. জুনায়েদ (১২) ও আরাফাত (১২) গতকাল উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠে খেলতে গিয়েছিল। খেলা শেষে সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেন। পরে আশপাশের বিভিন্ন জায়গায়ও তাদের সন্ধান করা হয় বলে পরিবার জানিয়েছে। তবে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে স্বজনদের দাবি।
নিখোঁজ অপর শিশু হাবিবুর রহমানের (১৩) বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর এলাকার ‘মাদরাসাতুল দারুল কুরআন’-এ পড়াশোনা করত। গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি বলে তার বাবা মো. কামাল জানিয়েছেন।
হাবিবুরের পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। শিশুটির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, তার ছেলে ও আরাফাত একসঙ্গে খেলতে গিয়েছিল। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিভাবক থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
নিখোঁজ তিন শিশুর অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শিশুদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews