Eng
অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, জাতীয়, লিড নিউজ

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারেও গতি চান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: , ২০ ২০২৬ | ০:২০ অপরাহ্ণ




নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রামিসা হত্যা মামলার মতো কুমিল্লার এ ঘটনাটির বিচারও দ্রুত শেষ করার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কুমিল্লার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে নিহত কিশোরের মোবাইল ফোন উদ্ধারের কথা জানান তিনি। পাশাপাশি উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষ করার বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত হলেও দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কুমিল্লার ঘটনাটির বিচার রামিসা হত্যা মামলার মতো দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিশোর অপরাধের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কিশোর অপরাধী চক্রের যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক বিভিন্ন অপরাধের পেছনে মাদক ও পর্নোগ্রাফির সংশ্লিষ্টতার বিষয়টিও সামনে আসছে বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের অপরাধ কমাতে শিশু-কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক পরিবেশের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের উত্থাপিত বিভিন্ন বিষয় সরকার পর্যালোচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধ সংঘটিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তবে যেসব মামলায় তদন্তে বেশি সময় প্রয়োজন, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিরতার প্রসঙ্গও উঠে আসে ব্রিফিংয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধী দলের ঘোষিত লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার কথা জানান তিনি।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে সরকারের নেওয়া পদক্ষেপের গতি বিবেচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তেজগাঁও এলাকায় একটি মসজিদে জড়ো হওয়া ২৩ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগের বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। উগ্রবাদ মোকাবিলায় সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া শেখ হাসিনাসহ কয়েকজন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান তেল ও গ্যাসের সমস্যা দেশের অভ্যন্তরে তৈরি কোনো সংকট নয়; আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রভাব রয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টিও সাংবাদিকদের সামনে আসে। এ বিষয়ে তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।