
ক্রাইম এডিশন অনলাইন:
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে নেতৃত্বের মান উন্নত করা জরুরি। নেতারা নিজেদের স্বার্থের পরিবর্তে সাধারণ মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করলে দেশ আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, নেতাকর্মীদের নিজেদের মধ্যে চাওয়া-পাওয়া নিয়ে প্রতিযোগিতায় না জড়িয়ে জনগণের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়কে বেশি গুরুত্ব দিলে রাজনৈতিক সংগঠনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন, একজন নেতা কীভাবে দায়িত্ব পালন করছেন, তার ওপর জনগণের আস্থা অনেকটাই নির্ভর করে। নিজেদের মধ্যে কে কী পাবেন, কে কোন সুযোগ নেবেন—এ ধরনের প্রতিযোগিতার পরিবর্তে মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। তা না হলে একসময় জনগণ তাদের প্রত্যাখ্যান করতে পারে।
আগের সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, অতীতে নেতাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে যে ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল, একই ধরনের আচরণ নতুন নেতৃত্বের মধ্যেও দেখা গেলে তারাও জনগণের সমর্থন হারাতে পারেন। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ফজলুর রহমান আরও বলেন, নেতারা যদি নিজেদের জন্য সবকিছু নিশ্চিত করতে ব্যস্ত থাকেন, তাহলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন হবে। তিনি তাঁর দলের নেতাকর্মীদের ভালো কাজের পাশাপাশি আরও উন্নত আচরণ ও দায়িত্বশীল নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নিজের বয়স ও ভবিষ্যৎ নিয়েও বক্তব্য দেন ফজলুর রহমান। তিনি জানান, নয় দিন পর তাঁর বয়স ৭৯ বছর হবে। জীবনে আর কতদিন সময় রয়েছে, তা তিনি জানেন না উল্লেখ করে বাকি জীবন মানুষের জন্য ব্যয় করার ইচ্ছার কথা জানান।
টাকা-পয়সার চেয়ে ভালো নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, শুধু অর্থ দিয়ে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। একইভাবে প্রশাসনের ওপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে রাজনৈতিক নেতাদেরও জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে ফজলুর রহমান তাদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পর এখন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সামনে ভালো কাজ ও দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে যদি মানুষকে বোঝানো যায় যে তারা আগের চেয়ে ভালোভাবে দেশ ও জনগণের জন্য কাজ করতে চান, তাহলে জনগণের আস্থা অর্জনের সুযোগ তৈরি হবে।
গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ কাস্তুল ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।




