
ক্রাইম এডিশন অনলাইন:
চট্টগ্রাম নগরীতে এক নাগরিক সমাবেশে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় নিয়ে তিনি নানা অভিযোগ তোলেন। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষতলায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে বিএনপির ভেতরে অবস্থান নেওয়া কথিত ভারতপন্থি ব্যক্তিদের প্রভাব রয়েছে। তার দাবি, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি খাতকে বিদেশি স্বার্থের কাছে তুলে দেওয়ার বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে সরকার সেটি ধরে রাখতে পারেনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের পর রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক মাসের মধ্যেই এসব প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতিও সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
সরকারের উদ্দেশে দেওয়া বক্তব্যে মামুনুল হক বলেন, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সরকারের কর্মকাণ্ডের কারণে জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা বাধাগ্রস্ত হচ্ছে।
এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার দাবি, দেশের বাইরে থেকে একটি পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা মোকাবিলার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মামুনুল হক বলেন, সরকারবিরোধী কর্মসূচি দেওয়ার জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। তবে সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ তৈরি হওয়ায় রাজনৈতিকভাবে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি এমদাদুল্লাহ সোহাইল। এতে দলটির নায়েবে আমীর আলী উসমান, মহাসচিব জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ ছাত্র ও যুব মজলিসের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের পরবর্তী পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।




