
ক্রাইম এডিশন অনলাইন:
ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় রহস্যময় সাইবার হামলার ঘটনা ঘটেছে। বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ এবং সুইডেনের মতো দেশগুলোর বিভিন্ন সুপারমার্কেটে হঠাৎ করেই ফ্রিজার ও রেফ্রিজারেশন ইউনিটের তাপমাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগের যান্ত্রিক অপারেটিং সিস্টেমগুলোর নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা এ ধরনের আক্রমণ চালিয়েছে। ফ্রান্সে কয়েক সপ্তাহ আগে একই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার।
সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান জন বিলো রয়টার্সকে জানান, বিভিন্ন দোকানের কুলিং সিস্টেম লক্ষ্য করে একাধিক হামলার তথ্য তারা পেয়েছেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সুইডেনে বেশ কিছু উন্মুক্ত অপারেশনাল টেকনোলজি ডিভাইস শনাক্ত করা হয়েছিল, যেগুলোর নিরাপত্তা আপডেট দেওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাক্সফুড জানিয়েছে, গোথেনবার্গে তাদের ফ্রিজার হ্যাক হয়েছে। এছাড়া আয়ারল্যান্ডের তৃতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন সুপারভ্যালু জানিয়েছে, তাদের ২২৩টি শাখার মধ্যে ১৩টিতে এই সাইবার হামলার প্রভাব পড়েছে।
বেলজিয়াম ও লুক্সেমবুর্গের আহোল্ড ডেলহাইজে স্পার শপসহ ডজনখানেক দোকানের কুলিং ইউনিট স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রস্ট মোডে চলে যায়। এ বিষয়ে রেফ্রিজারেশন কোম্পানি সাবকোবেলের প্রধান নির্বাহী স্টিফান মোয়েলান্স সাইবার হামলাকেই দায়ী করেছেন। একই পরিস্থিতি দেখা গেছে এস্তোনিয়াতে। প্রযুক্তি সরবরাহকারী কিটম্যান কোল্ডটেকের প্রধান নির্বাহী জান মুতসো জানান, এস্তোনিয়াতেও হামলার মাধ্যমে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়েছিল। সোমবার সকালের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ফ্রান্সের আগের হামলার সঙ্গে এর কৌশলের মিল রয়েছে। সেখানেও একইভাবে ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইউরোপে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, এই ধরনের সাইবার হামলা জনজীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।




