Eng
জাতীয়, লিড নিউজ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ সুপারিশ

প্রকাশিত: , ৩ নভেম্বর ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ



জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপন এবং আধুনিক জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার ওপর একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে সংসদ ভবনের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় এসির কার্যকারিতা, ভবনের বায়ু চলাচল ব্যবস্থা এবং অব্যবহৃত ফাঁকা জায়গায় সোলার প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালু করার জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

বিদ্যুৎ অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের ক্ষেত্রে কমিটি একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে ভবনের সব বাতি ও লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি অপচয়কারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল সঠিক নিয়মে আদায়ের সুবিধার্থে প্রিপেইড মিটার বা সাব-মিটার স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়েছে। এভাবে সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত ও ব্যয় সংকোচনের লক্ষ্য নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের এই কমিটি।