
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে নিজ দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের মুখে পড়েও নির্বাচনি মাঠে চমক দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স নিজ দলের প্রতিনিধি আল-সাইয়েদকে বাদ দিয়ে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান ঘোষণা করেন। তবে এই পদক্ষেপে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে উল্টো উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
স্টিভেন্সের এমন সিদ্ধান্তের পরদিন মিশিগানের সাউথফিল্ডে আয়োজিত এক সমাবেশে আল-সাইয়েদের সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সেখানে অংশ নেওয়া একাধিক ব্যক্তি স্টিভেন্সের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ বলে অভিহিত করেন। মধ্যবর্তী নির্বাচনে জয় পেতে হলে এই রাজনৈতিক অবস্থানকে উপেক্ষা করে আল-সাইয়েদের পক্ষে কাজ করার জোর দাবি জানান তারা। এ ছাড়া দুই নারী সমর্থক মন্তব্য করেন যে, বিপক্ষ দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘটনাটি স্টিভেন্সের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যতের জন্যই বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।
এদিকে স্টিভেন্সের এই বিতর্কিত ঘোষণার পরপরই আল-সাইয়েদের প্রচারশিবিরে বিপুল আর্থিক সহায়তা আসতে শুরু করেছে। দলটির নির্বাচনি প্রচার দলের তথ্যমতে, সাউথফিল্ডের সমাবেশের দিন মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তারা ২৪ লাখ ডলারের বেশি অনুদান সংগ্রহ করেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ কোটি টাকা। প্রচারণা শুরু করার পর থেকে এটিই ছিল তাদের সর্বোচ্চ একক দিনের তহবিল।
সমর্থকেরা মনে করছেন, এক দিনে বিপুল পরিমাণ অর্থ আসার এই ঘটনাটি মোটেও কাকতালীয় নয়। দলীয় কোন্দল স্বত্বেও সাধারণ ডেমোক্র্যাট কর্মী ও সমর্থকদের এই অভূতপূর্ব সাড়া নির্বাচনি ময়দানে আবদুল আল-সাইয়েদের অবস্থানকে আরও শক্তিশালী ও সুসংহত করেছে।




