
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব ক্রিমের মোট ওজন ৪০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী মোহাম্মদ জাহেদ। স্ক্যানিং ও তল্লাশির সময় তাঁর ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ উদ্ধার করা হয়।
তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, নিষিদ্ধ এই প্রসাধনী সামগ্রী আমদানি জাতীয় আমদানি নীতিমালার পরিপন্থী। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও অবৈধ বিপণন ঠেকাতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর পণ্যের অবৈধ আনাগোনা প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন।




