
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কর্মীদের দক্ষতা ও সেবার মান বাড়াতে বিশেষ সুযোগ নিয়ে এসেছে এমিরেটস এয়ারলাইনস। এর অংশ হিসেবে দুবাইয়ে অবস্থিত নিজেদের ক্রু প্রশিক্ষণকেন্দ্রের ভেতরে তৈরি করা হয়েছে ‘সেন্টার অব হসপিটালিটি এক্সিলেন্স’। অত্যাধুনিক এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ লাখ মার্কিন ডলার। এখানে ১৭০ জন ধারণক্ষমতার রেস্তোরাঁ, লাউঞ্জ, আধুনিক রান্নাঘর এবং প্রযুক্তিনির্ভর আটটি শ্রেণিকক্ষ রয়েছে, যেখানে এমিরেটসের আন্তর্জাতিক মানের সেবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে উন্নত খাবার পরিবেশন, শিষ্টাচার, নেতৃত্বের দক্ষতা এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশলগুলো শেখানো হয়। মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁর মানদণ্ড অনুসরণ করে সাজানো এই প্রশিক্ষণে ইতোমধ্যে সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অংশ নিয়েছেন। এমিরেটসের সার্ভিস ডেলিভারি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস নেই জানান, শুধু কারিগরি দক্ষতা নয়, বরং মানুষের সংস্কৃতি ও চাহিদাকে বুঝতে পারাই প্রকৃত আতিথেয়তার ভিত্তি। মূলত ২০২০ সালে সুইজারল্যান্ডের ইকোল হোটেলিয়ের দ্য লোজানের সাথে যৌথভাবে তৈরি করা কৌশলের আলোকেই এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মূল স্তম্ভ হলো উৎকর্ষ, মনোযোগ, উদ্ভাবন ও আন্তরিকতা। এমিরেটস জানিয়েছে, ২০২০ সালে সুইজারল্যান্ডের বিখ্যাত হোটেল ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল হোটেলিয়ের দ্য লোজানের সঙ্গে যৌথভাবে উন্নত আতিথেয়তা কৌশল তৈরির উদ্যোগ নেয় তারা।
প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এক থেকে পাঁচ দিন মেয়াদে এই প্রশিক্ষণ আয়োজন করা সম্ভব। কর্মসূচির মধ্যে রান্নার কৌশল, টেবিল সাজানো, ওয়াইন শিক্ষা এবং এমিরেটসের নির্বাহীদের সাথে মতবিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা উড়োজাহাজের সিমুলেটর ও রান্নাঘর পরিদর্শনের সুযোগও পাবেন। এমিরেটসের লক্ষ্য, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সামগ্রিক আতিথেয়তা খাতের ভাবমূর্তি উজ্জ্বল করা।
এমিরেটসের কর্মপরিবেশ ও দক্ষতার বিষয়টি বৈশ্বিক পর্যায়ে স্বীকৃত। বর্তমানে এয়ারলাইনসটির সাথে ১৪০টির বেশি দেশের ২৫ হাজারেরও বেশি কেবিন ক্রু কাজ করছেন, যারা ৭০টিরও বেশি ভাষায় যোগাযোগ করতে সক্ষম। এমিরেটসের প্রতিটি ক্রুকে আট সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে নিরাপত্তা, জরুরি অবস্থা মোকাবিলা ও যাত্রীসেবার মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। সেই অভিজ্ঞতাই এখন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে কাজে লাগাতে চাচ্ছে এমিরেটস।




