Eng
বিনোদন, লিড নিউজ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় দিল্লির আদালতে নোরা ফাতেহি

প্রকাশিত: , ৭ নভেম্বর ২০২৬ | ১:১৭ অপরাহ্ণ

২০০ কোটি রুপির চাঁদাবাজি ও আর্থিক জালিয়াতির চাঞ্চল্যকর মামলায় দিল্লির আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মূলত মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সাথে যোগাযোগের সূত্র ধরে তদন্তকারী সংস্থা তাঁর নাম পায়। শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের জবানবন্দি দেওয়ার সময় তিনি ভারতে তাঁর বসবাসের বৈধ কারণ ব্যাখ্যা করেন। অভিনেত্রী জানান, টি-সিরিজের সাথে পেশাগত কাজের অংশ হিসেবে তিনি ওয়ার্কিং ভিসা নিয়েই ভারতে অবস্থান করছেন। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আদালতের শুনানিতে নোরা চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সাথে তাঁর সাক্ষাতের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এর আগে আদালতের পক্ষ থেকে তাঁকে দুই দফা তলব করা হয়েছিল। মামলার শুরুর দিকে ব্যক্তিগত কারণে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে নোরার আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে বিচারক অসন্তোষ প্রকাশ করেছিলেন। সাক্ষী হিসেবে তাঁর উপস্থিতি বাধ্যতামূলক বলে সতর্ক করেন আদালত। একই সঙ্গে আদালতের নির্দেশকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন।

তদন্তকারী পুলিশ ও কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখর নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে জামিনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিলেন। এই পুরো চক্রের সাথে সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলস জড়িত ছিলেন। পুলিশের তদন্তের পর সম্পূরক অভিযোগপত্রে নোরা ফাতেহিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। তদন্তে উঠে এসেছে যে, সুকেশ চন্দ্রশেখর নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে মূল্যবান উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন। ২০২২ সালে নোরাকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন সুকেশ, তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি বলে আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য যে, নোরা ফাতেহির পারিবারিক আদি নিবাস মরক্কোতে হলেও তাঁর জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। কানাডার নাগরিক হিসেবে সেখানে বেড়ে ওঠা ও পড়াশোনা শেষ করে কাজের সূত্রে বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।