
অতীতের সরকারের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিগত সরকার নিয়ে পড়ে না থেকে এখন দেশের অর্থনীতি ও উন্নয়নের দিকে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কার্যকর হওয়ার কোনো সুযোগ নেই। সঠিক তথ্যের অনুপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করা অসম্ভব। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা শেষ পর্যন্ত নিজেদের সঙ্গেই প্রতারণার শামিল। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছে। অর্থনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথও সুগম হবে।
পরিসংখ্যানের বিশুদ্ধতা নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না এবং পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সাধারণ মানুষ যেন নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত থাকলেও অযোগ্যরা নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করার লক্ষ্যে সরকার বর্তমানে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।




