Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

ইরানের পরমাণু কেন্দ্রে ট্রাম্পের সম্ভাব্য হামলার শঙ্কায় আতঙ্ক

প্রকাশিত: , ৮ নভেম্বর ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরান ইস্যুতে এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি একদিকে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিচ্ছেন, আবার সংকট নিরসনে আলোচনার ইঙ্গিতও দিচ্ছেন। দুই বিপরীতমুখী অবস্থানের ফলে ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কারণ সীমিত সামরিক অভিযান চালালেও শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ভাষ্যমতে, নিজেদের বিমান ও নৌ বহরের সুরক্ষার স্বার্থে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, তারা কেশম দ্বীপের আকাশসীমায় মার্কিন বাহিনীর একটি ড্রোন সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে।

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইরানের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বুশেহর ও পিকঅ্যাক্স পর্বতের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার আশপাশের বাসিন্দাদের মাঝে তেজস্ক্রিয়তা রোধে আয়োডিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। একই সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রমের তথ্য দেওয়ার বিনিময়ে দুই কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। যদিও ইরান তাদের ওপর শর্তহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সম্পদ ফেরতের দাবি থেকে সরছে না।

তবে যুদ্ধের দামামা বাজলেও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তেহরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি বর্তমানে ওয়াশিংটন পর্যালোচনা করছে। একদিকে মার্কিন বাহিনী যেকোনো মুহূর্তে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত রয়েছে, অন্যদিকে ইরান সতর্কবার্তা দিয়ে রেখেছে যে, তাদের ওপর পুনরায় হামলা হলে তারা গোটা অঞ্চলজুড়ে ব্যাপক মাত্রায় পাল্টা আঘাত হানবে।