
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে বরিশল ইউনিয়ন গঠন এবং উপজেলা বিভক্তির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত গেজেট ৪ জুন প্রকাশিত হয়। কিন্তু ইউনিয়নবাসী শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন। বর্তমানে সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইলকে নিয়ে বরিশল ইউনিয়নসহ নতুন একটি উপজেলা করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোনো সুরাহা মেলেনি।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বিষয়টি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন ওইসব ইউনিয়নের মানুষ।
ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।




