Eng
আইন-আদালত, লিড নিউজ

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

প্রকাশিত: , ৮ নভেম্বর ২০২৬ | ১:৪৬ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনগতভাবে যা যা করণীয়, সরকার তা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, কোনো আবেগ নয়, বরং আইনের শাসনের ভিত্তিতেই পুরো বিষয়টি মোকাবিলা করা হচ্ছে।

ভারত সরকার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেখছে—এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ ভারত সরকারের নিজস্ব বিষয়। তবে আমাদের অবস্থানের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই। extradition বা প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি। তারা যদি তাকে হস্তান্তর করে, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে সোপর্দ করা হবে। আসাদুজ্জামানের কাছে শেখ হাসিনার পরিচয় একজন সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবে। তিনি বলেন, আমার রাষ্ট্রের ওপেন আদালতে বিচার সম্পন্ন হয়েছে এবং তিনি অপরাধী। ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভারত সরকারের ব্যাপার। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ওই আন্দোলনে ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। বিচার প্রক্রিয়ায় কোনো ত্রুটি রাখা হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, বিচারের সময় কি ক্যামেরা ট্রায়াল হয়েছে? সাক্ষীরা কি সাক্ষ্য দেয়নি? ন্যায়বিচারের কোনো ঘাটতি সেখানে নেই বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে।