
মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিনের বিক্ষোভ ও আন্দোলনের পর সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে এবং উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারি নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কর্মস্থলে ফিরেছেন।
শত শত কারখানার মধ্যে বেশিরভাগ চালু থাকলেও হাতে গোনা কয়েকটি কারখানায় রবিবার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে মেডলার, দি রোজ, এন বয়, নিতেশিয়া এবং এস২১ উল্লেখযোগ্য। এসব কারখানায় যাতে দ্রুত কাজ শুরু করা যায়, সেজন্য কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে সার্বিক পরিস্থিতির বিবেচনায় এলাকাটি এখন স্থিতিশীল রয়েছে বলেই দাবি করেছে পুলিশ। তিনি বলেন, শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতিতে থাকতে পারে।




