Eng
রাজনীতি, লিড নিউজ

সোনাদিয়া বন্দর বাতিল করে কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ: হামিদুর রহমান

প্রকাশিত: , ৮ নভেম্বর ২০২৬ | ৪:৪৬ অপরাহ্ণ

সোনাদিয়ায় প্রাকৃতিকভাবে ১৮ মিটার গভীরতাসম্পন্ন আন্তর্জাতিক মানের গভীর সমুদ্রবন্দর তৈরির যে সম্ভাবনা ছিল, তা থেকে সরে আসায় বাংলাদেশ বড় ধরনের কৌশলগত সুবিধা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বর্তমানে মাতারবাড়ী বন্দর নিয়ে যে পরিস্থিতি, তা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’ আয়োজিত ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূ-রাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির।

হামিদুর রহমান আযাদ বলেন, ২০০৯ সালে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৮ মিটার প্রাকৃতিক গভীরতা থাকায় সেখানে বড় মাদার ভেসেল সহজে ভেড়ানো সম্ভব ছিল। কিন্তু ২০১৪ সালে চীন অর্থায়নে আগ্রহী হওয়া সত্ত্বেও ভূ-রাজনৈতিক ও আঞ্চলিক শক্তির চাপে তৎকালীন সরকার প্রকল্পটি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতো। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারত। এটি বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সুযোগ হারানোর উদাহরণ।

তিনি আরও বলেন, সোনাদিয়া প্রকল্প বাতিলের সময় পরিবেশ রক্ষা, ইকোট্যুরিজম এবং কচ্ছপ ও পাখির আবাসস্থলের মতো বিষয়গুলো সামনে আনা হয়েছিল। তবে এসব যুক্তির অন্তরালে আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রভাবই ছিল মূল কারণ। মাতারবাড়ী বন্দর মূলত ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানির অবকাঠামো হিসেবে পরিকল্পিত ছিল, যা পরে গভীর সমুদ্রবন্দরের রূপ দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তী সময়ে সোনাদিয়া প্রকল্প বাদ পড়ার পর মাতারবাড়ীকে গভীর সমুদ্রবন্দরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সোনাদিয়ার ১৮ মিটার গভীরতার বিপরীতে মাতারবাড়ী বন্দরের ড্রাফট মাত্র ১৩ দশমিক ৪ মিটার। ফলে এই বন্দরটি সচল রাখতে নিয়মিত ড্রেজিং ও পলি অপসারণের ওপর নির্ভর করতে হবে। মাতারবাড়ী বন্দরটি অবশ্যই দেশের জন্য ভালো, কিন্তু সোনাদিয়ার সেই প্রাকৃতিক সক্ষমতা এখানে নেই। দেশের স্বার্থের বদলে বিদেশি শক্তির স্বার্থ ও দলীয় রাজনীতিকে প্রাধান্য দেওয়ার ফলে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

উক্ত গোলটেবিল সংলাপে আরও বক্তব্য রাখেন সাবেক মেজর জেনারেল আমসা আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক রুবি আমাতুল্লাহ, ড. সিব্বির মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।